
চলতি বিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এবার দুর্বার রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটের বড় পরাজয় দিয়েই বছর শুরু করলো তারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বছরের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ের তোপে পড়ে ঢাকা ক্যাপিটালস। নিজের প্রথম ওভারে শূন্য রানে লিটন দাসকে ফিরিয়ে দেন তাসকিন। দ্বিতীয় ওভারে এসে সাজঘরের পথ দেখান আরেক ওপেনার তানজিদ তামিমকেও। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ঢাকা।
তবে এরপর স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ৭৯ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি। কিন্তু আবারও সেই তাসকিন ঝড়। ঢাকার হারানো ৯ উইকেটের ৭টিই নিজের ঝুলিতে ভরেন তাসকিন আহমেদ। এর ফলে তিনি বিপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট শিকার করার কীর্তি গড়েন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় ১৭৪।
জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীও শুরুতেই উইকেট হারায়। মোহাম্মদ হারিস ১২ রান করলেও আরেক ওপেনার জিসান শূন্য রানে আউট হন। তবে এরপর এনামুল হক বিজয় দলের হাল ধরেন। প্রথমে ইয়াসির আলিকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন। এরপর ইয়াসির আলি রাব্বি (২২) আউট হওয়ার পর রায়ান বার্লের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দেন বিজয়।
এনামুল হক বিজয় ৪৬ বলে ৯টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৭৩ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে, রায়ান বার্ল অপরাজিত থাকেন ৫৫ রান করে। ঢাকার পক্ষে ১টি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, এবং আলাউদ্দিন বাবু।




