
বিপিএলে চলছে রান বন্যা। ঢাকার পর সেই ধারা অব্যহত রয়েছে সিলেটে। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে দুশোর ওপর সংগ্রহ দাঁড় করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। ৫৪ বলে সেঞ্চুরি করেন ইংলিশ ব্যাটার হেলস।
সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে সিলেট।
রনি ৩২ বলে ৫৪ ও জাকির ৩৮ বলে ৫০ রান করেন। এছাড়া শেষ দিকে ৫ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন জাকের আলি। রংপুরের পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন নেন ২টি উইকেট।
২০৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আজিজুল হাকিম তামিম। এরপরই ক্রিজে সাইফ হাসান ও অ্যালেক্স হেলস মিলে শুরু করেন তাণ্ডব।
রীতিমতো সিলেটের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। ১৮৬ রানের জুটি গড়েন হেলস-সাইফ। ৭ ছক্কা ও ৩ চারে ৪৯ বলে ৮০ রান করে আউট হন সাইফ।
সাইফ না পারলেও ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন হেলস। তার সেঞ্চুরিতে ভর করে ৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় রংপুর। ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন হেলস। এই জয়ে ৪ ম্যাচে সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো রংপুর।




