Google search engine

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো কিনেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বিপিএলে দল কেনার পর শাকিব বুঝলেন এটা সিনেমা বা চলচ্চিত্রে অভিনয় করা নয়, এটা ক্রিকেট।

বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হাতবদল হয়েছে কয়েকবার। যেটির মালিকায় এবার শাকিব। দলের নাম ঢাকা ক্যাপিটালস। কিন্তু নামের প্রতি ‍সুবিচার করতে পারছে না তারা। এবারের বিপিএলে যে দুটি দল এখন পযন্ত জয় পায়নি সেই দুটির একটি শাকিবের ঢাকা। আসরে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

এই বিপিএলে তিনটি ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস। তিনটি ম্যাচ খেলেও এখন পযন্ত জয় না পাওয়া একমাত্র দল শাকিবের ঢাকা। সাত দলের টেবিলে তারা আছে তলানিতে। ঢাকার তিনটি হারই হোম ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সেই দুঃখ নিয়ে চায়ের শহর সিলেটে পাড়ি জমিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী রংপুর রাইডার্স। যারা কিনা চার ম্যাচের সবকটিতেই জিতেছে। আসরে এখন পযন্ত যে দুটি দল হারেনি সেটির একটি এই রংপুরই।

শাকিবের ঢাকার দলটা অবশ্য খারাপ হয়নি। জাতীয় দলের কয়েকজনকেই নিয়েছেন শাকিব। এখানেই একটু সমস্যা। ফর্মহীনতায় থাকা লিটন দাসকে নিয়েছে ঢাকা। জাতীয় দলের আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও নিজেকে হারিয়ে খুঁজছেন।

শ্রীলঙ্কা থেকে ঢাকা ক্যাপিটালস উড়িয়ে এনেছে চতুরঙ্গ ডি সিলভাকে। দলটির নেতৃত্বে আছেন আবার আরেক লঙ্কান, থিসারা পেরেরা। থিসারাকে অধিনায়ক করায় অনেকে কিছুটা অবাক হয়েছেন বটে। লঙ্কান অলরাউন্ডারের নেতৃত্ব অবশ্য ভালো হচ্ছে না।

কিন্তু নিজে ঠিকই আলো ছড়াচ্ছেন। ঢাকা পর্বে করেছেন সেঞ্চুরি। বল হাতেও ভালোই করছেন। যদিও বোলিংয়ে শাকিবের মূল শক্তি কিন্তু মোস্তাফিজুর রহমান। ফিজ অবশ্য এখনও পুরোপুরি নিজেকে মেলে ধরতে পারেননি। খুলনা টাইগার্সের বিপক্ষে মিতব্যয়ি হলেও বেধরক মার খেয়েছেন রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহীর কাছে।

ঢাকা পর্বে এই রংপুরের কাছে ৪০ রানের বড় ব্যবধানে হেরেই যাত্রা শুরু হয়েছিল শাকিব খানের ঢাকার। সিলেট পর্বেও সেই রংপুরের মুখোমুখি তারা। এবার ভেন্যু পাল্টেছে, ঢাকার ভাগ্য পাল্টায় কিনা সেটিই দেখার অপেক্ষা!

Google search engine