
ইনিংসের শুরুতে সুবিধা করতে পারেননি মহেশ থিকসেনা। ৬ ওভারে খরচ করে বসেছিলেন ৩৩ রান। বৃষ্টি বাগড়ায় ৩৭ ওভারে নেমে আসা শ্রীলঙ্কাও নিউজিল্যান্ডের রান আটকাতে ব্যর্থ হচ্ছিল। তখনই স্বরূপে ফেরেন থিকসেনা। নিজের সপ্তম ওভারের শেষ দুই বলে ফেরান দুই কিউইয়ের উইকেট। পরের ওভারে নেন আরেকটি। তাতেই হ্যাটট্রিক।
কিউই ডেরায় বসা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার। হারলেই খোয়াতে হবে সিরিজ— এমন সমীকরণের ম্যাচে অবশ্য ভালো বোলিং হয়নি। সফরকারীদের সবাই যখন রান বিলোতে ব্যস্ত ছিলেন তখন ব্যতিক্রম ছিলেন থিকসেনা। হ্যাটট্রিক গড়ে বসেছেন তাদের কিংবদন্তি চামিন্দা ভাস ও লাসিথ মালিঙ্কাদের পাশে।
ওয়ানডে ক্রিকেট ষষ্ঠ ব্যাটার হিসেবে হ্যাটট্রিক গড়েছেন থিকসেনা। তার আগে পঞ্চাশ ওভারের ক্রিকেট দুটি হ্যাটট্রিক গড়েন চামিন্দা ভাস, মালিঙ্গার আছে তিনটি হ্যাটট্রিক। থিসারা পেরেরা, ভানিদু হাসারাঙ্গা ও শেহান মাদুশঙ্কারও আছে একটি করে হ্যাটট্রিক। ২০১৮ সালের পর আবারও কোনো লঙ্কান বোলার এই কীর্তি গড়লেন।
এ বছরের প্রথম হ্যাটট্রিক গড়তে থিকসেনা আজ ফিরিয়েছেন মিচেল সান্টনার, নাথান স্মিথ ও ম্যাট হেনরিকে। কিউইদের ২৫৫ রানে থামাতে ৯ উইকেটের চারটি নিয়েছেন থিকসেনা। খরচ করেছেন ৮ ওভারে ৪৪ রান।
সিরিজের প্রথম ম্যাচটি হেরেছে শ্রীলঙ্কা। আজও তেমন সুবিধাজনক অবস্থায় নেই সফরকারীরা। ২৫৬ রানের লক্ষ্যে ৬২ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়ে বসেছে তাদের শুরুর ৪ উইকেট। বাকি ৬ উইকেট ও ২৩ ওভারে তাদের প্রয়োজন আরও ১৯০ রান। সিরিজে তৃতীয় ওয়ানডে ১১ জানুয়ারি অকল্যান্ডে।




