
সেই ২০১৮ বিশ্বকাপ জয়ের পর থেকে আসি আসি করলেও অবশেষে চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। কিন্তু স্প্যানিশ ক্লাবে শুরুটা সে অর্থে ভালো ছিল না তার। এরজন্য সমালোচনাও কম হয়নি। তবে বর্তমানে ক্লাবটির হয়ে ধারাবাহিকভাবে দারুণ খেলে চলেছেন এই তারকা ফুটবলার। সবমিলিয়ে যেন স্বপ্নের মতো দিন কাটাচ্ছেন এই ফরাসি।
নিজের গতি, স্কিল এবং অসাধারণ গোল দেওয়ার ক্ষমতায় অনন্য এমবাপে। তবে তার কাছে ফুটবল কেবল খেলা নয়, বরং একটি আবেগ এবং দায়িত্ব। তেমনি রিয়ালের হয়ে খেলাও তার জন্য শুধু একটি ক্লাবে যোগ দেওয়া নয়, জীবনের অন্যতম বড় স্বপ্নপূরণ। অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করে এমবাপে জানিয়েছেন, কীভাবে এই ক্লাব তাকে বদলে দিয়েছে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সলজবার্গের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সেই ম্যাচে নামার আগে সংবাদসম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে এমবাপে বলেছেন, ‘প্রতিদিন ভালদেবেবাসে আসা এবং এই জার্সি পরার সুযোগ পাওয়া আমার কাছে একটি স্বপ্নের মতো।’
মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এবং জার্সির মর্যাদার প্রতি তার গভীর অনুভূতি স্পষ্ট হয়েছে। এমনকি খারাপ সময়েও এই স্বপ্নের প্রতি কখনো হতাশ হননি এমবাপে, ‘যখন আমি ভালো খেলিনি, তখনও আমি খুশি ছিলাম। কারণ আমি জানতাম এটি আমার দোষ, আমার সতীর্থদের নয় বা ক্লাবেরও নয়।’
ফ্রান্স থেকে স্পেনের ভিন্ন পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং ছিল এমবাপের জন্য। তবে এটিকে উপভোগ করেছেন তিনি, ‘আমি স্প্যানিশ সংস্কৃতি শিখতে চেষ্টা করছি, যা ফরাসি সংস্কৃতি থেকে আলাদা। তবে আমি সময়টা ভালো কাটাচ্ছি। আমার জীবন আমি উপভোগ করছি।’




