
প্লে-অফের খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পান নাইম শেখ। তার সেঞ্চুরিতে বড় পুঁজি পায় খুলনা। সেইসঙ্গে রংপুর রাইডার্সকে ৪৬ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
এই জয়ে প্লে-অফের সমীকরণ জমিয়ে তুলেছে খুলনা। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচ জিততে পারলেই সেরা চারে জায়গা করে নেবে তারা। আর হারলে বিদায় নিতে হবে। খুলনা পরের ম্যাচ জিতলে কপাল পুড়তে পারে রাজশাহী বা চিটাগাংয়ের।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ বলে অপরাজিত ১১১ রান করেছেন নাইম। এছাড়া উইলিয়াম বসিস্টো ২১ বলে ৩৬ ও মাহিদুল অঙ্কন করেন ১৫ বলে ২৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে একাই লড়াই করেন ওপেনার সৌম্য সরকার। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন তিনি। তবে অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর।
৪৮ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সৌম্য। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর। খুলনার পক্ষে মুশফিক হাসান নেন ৩টি উইকেট।




