
বিপিএল থেকেই বিদায় নিশ্চিত হয়েছিল সিলেট স্ট্রাইকার্সের। আজ শেষ ম্যাচে সুযোগ ছিল সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করার। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো তো দূরে থাক, বড় ব্যবধানে পরাজয় দেখেছে সিলেট।
চিটাগাং কিংসের কাছে ৯৬ রানের বড় পরাজয় দেখেছে সিলেট।
প্রতিপক্ষের হতাশার হলেও চিটাগাংয়ের জন্য আনন্দের। বড় জয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা। ১৪ পয়েন্টে চিটাগাং এখন তিনে। তাদের সামনে সুযোগ রয়েছে শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারাতে পারলেও শীর্ষ দুই দলের একটি হতে পারবে।
এতে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে।
মিরপুরে আগে ব্যাট করে খাজা নাফি ও মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ৮ উইকেটে ১৯৬ রান তোলে চিটাগাং। শুরুটা ভালো না হলেও দুজনের তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি দলকে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেয়। পাকিস্তানি ওপেনার নাফির মতো সমান ৫২ রানে আউট হন দলের অধিনায়ক মিঠুনও।
তবে বড় স্কোরে অবদান রেখেছেন শামীম হোসেন পাটোয়ারি ও খালেদ আহমেদও। শেষ দিকে সপ্তম উইকেটে ৬১ রানের দারুণ জুটি গড়েন তারা। শামীমের ৩৮ রানের বিপরীতে সমান ২ ছক্কা-চারে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন পেসার খালেদ।
প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
শুধু ব্যাটিংয়েই রাখেননি, নিজের মূল কাজ বোলিংয়েও দারুণ অবদান রেখেছেন খালেদ। তার ও সতীর্থ শরীফুল ইসলামের পেসের তোপে দাঁড়াতেই পারেননি সিলেটের ব্যাটাররা। দুজনে ৪ টি করে উইকেট নিয়ে ১০০ রানে প্রতিপক্ষকে অলআউট হতে বাধ্য করেছেন। সিলেটের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। আজকের হারটি ছিল সিলেটের টানা সপ্তম। আর সব মিলিয়ে দশম হারে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে সিলেট।




