Google search engine

পিটার বাটলারের অধীনে খেলতে নারাজ ১৮ ফুটবলারকে নিয়ে আপাতত আর ভাবছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ইংলিশ কোচের অধীনে যে ৩৭ জন ফুটবলার অনুশীলন চালিয়ে যাচ্ছেন, তাদের নিয়েই এখন পরিকল্পনা সাজাচ্ছেন বাফুফে কর্তারা।

বাফুফের এক শীর্ষ কর্মকর্তা দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আপাতত এই ১৮ জনকে নিয়ে আমরা আর ভাবছি না। এছাড়া ফেডারেশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় দলের সিনিয়র ১৩ জনসহ বয়সভিত্তিক দলের বাকিদের থেকে কয়েকজনকে নতুন চুক্তিতে রাখা হচ্ছে।

তবে বাফুফের ওই কর্মকর্তা বলেন, ওদেরকে বলেছি, যখন অনুশীলন ফিরবে তখনই তোমাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। যারা এখন অনুশীলন করছে তাদেরকে নিয়েই বিকল্প দল গড়া হবে।

কয়েকদিনের মধ্যে চুক্তি করা হবে জানিয়ে এই কর্মকর্তা যোগ করেন, ‘আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া থেকে যারা ভালো করছে তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে তাদের রাখা হচ্ছে না।’

এদিকে গত বৃহস্পতিবার রাতে বিশেষ কমিটির প্রতিবেদন পেয়ে সে রাতেই মেয়েদের সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সূত্র জানায়, মেয়েদেরকে সভাপতি বলেছেন, ‘তোমরা অনুশীলনে ফেরো। দরকার হলে আমি অনুশীলনে উপস্থিত থাকব।’

কিন্তু এরপরও মেয়েরা ফেরেনি। সভাপতি শনিবার পর্যন্ত সময় দিয়েছিলেন কিন্তু তারা যেহেতু ফেরেনি সেহেতু তাদের নিয়ে আপাতত কিছু ভাবছে না বাফুফে।

Google search engine