
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি (এসএ ২০) লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপেকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে এমআই কেপ টাউন। আর এতেই হ্যাটট্রিক শিরোপার আশা শেষ হয়েছে এডন মারক্রামের দলের।
ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে উড়িয়ে এসএ টোয়েন্টির তৃতীয় আসরের শিরোপা জিতে নিল এমআই কেপ টাউন।
জোহানেসবার্গে ফাইনালে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামে কেপ টাউন।
৫ ওভারেই পঞ্চাশ পেরিয়ে যায় কেপ টাউনের উদ্বোধনী জুটি।
তবে দুই ওপেনারের কেউ ইনিংস বড় করতে পারেননি। চার ছক্কায় ১৫ বলে ৩৩ করে আউট হন রিকেলটন, ভ্যান ডার ডুসেন করেন দুই ছক্কায় ২৩। দলের কেউই বড় ইনিংস খেলতে না পারলেও বেশ কজন খেলেন কার্যকর ইনিংস।
দুটি করে চার ও ছক্কায় ২৬ বলে ৩৯ করেন তরুণ ব্যাটসম্যান কনর এস্তেহেইজেন, চার ছক্কায় ১৮ বলে ৩৮ করেন ব্রেভিস। জর্জ লিন্ডার ব্যাট থেকে আসে তিন ছক্কায় ২০ রান। কেপ টাউন ২০ ওভারে তোলে ১৮১ রান।
ইস্টার্ন কেপের হয়ে ইয়ানসেন, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডসন নেন দুটি করে উইকেট।
রান তাড়ায় প্রথম তিন ওভারে দুই উইকেট হারায় ইস্টার্ন কেপ। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন টনি ডি জর্জি ও টম অ্যাবেল। ২৫ বলে ৩০ রান করা অ্যাবেলকে ফিরিয়ে জুটি ভাঙেন লিন্ডা। ২৬ রান করা ডে জর্জিকে পরের ওভারে ফেরান রশিদ। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইস্টার্ন কেপের ইনিংস।
অধিনায়ক মার্করাম, ট্রিস্টান স্টাবস, ইয়ানসেনরা কেউ দাঁড়াতেই পারেননি। ১০৫ রানেই অলআউট হয়ে যায়।
৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দা ফাইনাল ট্রেন্ট বোল্ট। অধিনায়ক রশিদ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট, ২টি নেন লিন্ডা। ২৫ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার কাগিসো রাবাদা।
বল হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৯ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ২০৪ রান করে ম্যান অব দা টুর্নামেন্ট রানার্স আপ দলের ইয়ানসেন।
দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাজি টুর্নামেন্টের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন ছিল ইস্টার্ন কেপ। এবার প্রাথমিক পর্বে তৃতীয় হয়ে পরে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতলেও শেষ পর্যন্ত ফাইনালে পারল না এডেন মারক্রামের দল। এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন মআই কেপ টাউন। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দিয়ে এইবারাই প্রথম চ্যাম্পিয়ন হলেন রশিদ খান।




