
আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ সূচি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় মাঠে গড়াবে এবারের পিএসএল।
এর আগে সাধারণত আইপিএলের আগে মাঠে গড়িয়েছে পিএসএল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। সে কারণে অন্যবারের মতো ফেব্রুয়ারি-মার্চে পিএসএল আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইপিএলের সঙ্গে পিএসএল পাশাপাশি চলবে, সেটি তাই আগেভাগে জানা গিয়েছিল।
৬ দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের পিএসএল । চারটি ভেন্যুতে জমে উঠবে ট্রর্নাসেন্টটি। তবে ম্যাচগুলোর শুরুর নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি। তবে কেবল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দিনে।
রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের।
এবারের পিএসএলের ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিনজন। তারা হলেন লিটন কুমার দাস (করাচি কিংস), রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশোয়ার জালমি)। তবে আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই লিটন ও নাহিদের পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এখনও টেস্ট অভিষেক না হওয়া রিশাদ পেতে পারেন অনাপত্তিপত্র।




