Google search engine

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে যায় টাইগাররা। যে প্রত্যাশা নিয়ে খেলতে গিয়েছিল তার সিকিভাগও পূরণ হয়নি। আরও এক ব্যর্থ মিশন শেষে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন বাংলাদেশ দল। দেশে ফিরেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।

চ্যাম্পিয়নস ট্রফির পুরো আসরে বাংলাদেশ দলকে ভুগিয়েছে ব্যাটিং। ভারতের বিপক্ষে বড় হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

আসরে নিজেদের শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

 

Google search engine