Google search engine

ভারতের বিপক্ষে এক মাস পরই হাই ভোল্টোজ সিরিজটি হওয়ার কথা ছিল দেশের মাটিতে। কিন্তু গত বছর আগস্টে দেশে সরকার পরিবর্তনের কারণে এ সিরিজটি আর চলতি বছর হচ্ছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে এবার বাংলাদেশে দল পাঠাতে চাইছে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড।

অবশ্য বিসিবি থেকে এমন বক্তব্য জানানো হয়নি। বিসিবির এমন একটা সূত্র থেকে জানতে পারা গিয়েছে , নিরাপত্তার কারণে আগস্টে বাংলাদেশে আসতে না চাওয়ায় ভারত ক্রিকেট বোর্ডকে নতুন সূচি জানতে বলে বিসিবি।

বিসিসিআই আগামী নভেম্বর-ডিসেম্বরে আসতে আগ্রহী ছিল। কিন্তু ওই সময় বিপিএল আয়োজন করবে বিসিবি। তাই এ বছরে আর বাংলাদেশ-ভারত সিরিজ হওয়ার সুযোগ নেই। আগামী বছর সময় পেলে হোম সিরিজ আয়োজন করতে পারবে বাংলাদেশ।

এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।

এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল।

Google search engine