Google search engine

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেলে একসঙ্গে যুক্ত হলেন দুই সাবেক তারকা ক্রিকেটার। পুরুষ জাতীয় দলের তৃতীয় নির্বাচক হয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।

অন্যদিকে, নারী জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে এখন থেকে জাতীয় দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হাসিবুল হোসেন শান্ত। নব্বইয়ের দশকে বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। অভিজ্ঞ সেই ক্রিকেটার এবার ভিন্ন ভূমিকায় অবদান রাখতে যাচ্ছেন।

পুরুষ দলের নির্বাচক প্যানেলে বর্তমানে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তার সহযোগী হিসেবে আছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। এই দুইজনের সঙ্গে এবার যুক্ত হলেন শান্ত। ফলে তিনজন মিলে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করবেন।

অন্যদিকে, নারী ক্রিকেট দলের জন্য প্রথমবার আলাদা নির্বাচক নিয়োগ দিল বিসিবি। সেই দায়িত্ব পেয়েছেন দেশের অন্যতম সফল নারী ক্রিকেটার, সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিয়মিত ছিলেন সালমা, নেতৃত্ব দিয়েছেন অনেক সাফল্যেও। এবার মাঠের বাইরে থেকে নারী ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে বড় দায়িত্ব নিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটে প্রথমবারের মতো পুরুষ ও নারী- দুই দলে একসঙ্গে নতুন নির্বাচক নিয়োগ পেলেন। শান্তর অভিজ্ঞতা জাতীয় দলের পেস আক্রমণ ও টিম কম্বিনেশনে নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সালমা খাতুনের নেতৃত্বগুণ ও খেলার অভিজ্ঞতা নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে- এমনটাই আশা বিসিবির।

Google search engine