Google search engine

মোঃ আকাশ খান

তিন ম্যাচের টি-টোয়েন্টি টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টাইগাররা। তাতে ৭ বছর আগের হোয়াইটওয়াশের প্রতিশোধ নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। হোয়াইওয়াশের ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে দেড়শোর আগেই আটকে দেয় টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় ধীরগতিতে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ১৬ বলে ১৪ রান করে ফেরেন ইমন।

এরপর তামিমের সাথে ৫৫ রানের জুটি গড়েন সাইফ হাসান। ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন তামিম। তবে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন সাইফ। এদিন ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসটিতে ৭ ছক্কার পাশাপাশি মেরেছেন দুটি বাউন্ডারি। শেষ সাইফকে সঙ্গ দেওয়া নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ৯ বলে ১০ রানে।

এর আগে প্রথমে ব্যাট করে টাইগার বোলারদের তোপে ১৪৩ রানে থামে আফগানিস্তান।

অথচ সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির ব্যাটে বড় সংগ্রহের পথে ছিল আফগানিস্তান। ২৩ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কাশ ২৮ রান করেছেন আতাল। রাসুলি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ২৯ বলে ৩৩ রান করেছেন রাসুলি। ১৮ বলে ২৩ রান এসেছে মুজিবুর রহমানের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Google search engine