
মোঃ আকাশ খান,
টানা চার ওয়ানডে সিরিজে হারের পর অবশেষে সিরিজ জয়ের সুখ পেলো মেহেদী মিরাজের বাংলাদেশ। মিরপুরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওয়ানডেতে ১৭৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন সাইফ হাসান ও সৌম্য সরকার। একপর্যায়ে উদ্বোধনী জুটিতে অর্ধশতকের দেখা পায় বাংলাদেশ, ২০১৮ সালের পর মিরপুরে এটিই যা প্রথম। পরবর্তীতে শতরানের জুটিও গড়ে ফেলেন সাইফ-সৌম্য। এরপর ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটির দেখা পান সৌম্য। সাইফও তুলে নেন নিজের প্রথম ওয়ানডে ফিফটি। আর ওয়ানডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ষষ্ঠবারের মতো ১৫০ রানের কোটা পার করে সাইফ হাসান ও সৌম্য সরকার।
শেষ পর্যন্ত দলীয় ১৭৬ রানে প্রথমবারের মতো সফলতা পায় ওয়েস্ট ইন্ডিজ। ৭২ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে রোস্টন চেজের বলে আউট হোন তিনি। আর লিটন-তামিমের পর বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটার। আর সাইফের পর ব্যক্তিগত ৯১ রানে আউট হয়ে যান সৌম্য সরকারও।
তবে এরপর আবারও ৫০ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। তবে ২৮ রানে হৃদয়ের পর ব্যক্তিগত ৪৪ রানে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে প্রথমবারের মতো এই ম্যাচে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষদিকে একই ওভারে বাংলাদেশের ৩ উইকেট শিকার করে নেয় ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন। ফলে বিনা উইকেটে ১৭৬ রান থেকে ২৬১ রান করতেই ৭ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। আর নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৯৬। অর্থাৎ, অল্পের জন্য ৩০০ রানের কোটা পেরোতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন আকিল হোসেন।
বড় লক্ষ্যের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই অলিক আথানাজের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলীয় ২৮ রানে শূন্য রানে ফিরে যান তিনে নামা আকিম। একপর্যায়ে স্কোরবোর্ডে ৫০ রানের সংগ্রহ দাঁড় করানোর আগেই ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের স্পিনারদের বোলিংয়েই দিশেহারা হয়ে পড়ে। একপর্যায়ে দলীয় ৯৭ রানেই ৯ উইকেট হারিয়ে হারের প্রহরই গুনতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত ১১৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে রিশাদ ও নাসুম নেন ৩টি করে উইকেট। আর ১৭৯ রানের জয়ে টানা চার সিরিজ পর অবশেষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।




