Google search engine

লিমন শাহরিয়ার:

ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ এখনো ভরপুর, তার মধ্যেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে নতুন মঞ্চের লড়াই! বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ২৭ অক্টোবর সন্ধ্যায় মাঠে নামবে দুই দল, আর এই ম্যাচে মুখোমুখি হবে দুই বিপরীত ফর্মের দল, বাংলাদেশ যেখানে জয়ের ধারায়, ওয়েস্ট ইন্ডিজ সেখানে ছন্দ হারানো এক দল।

ওয়ানডে সিরিজে স্পিনের উইকেটে ঘাম ঝরিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে অপেক্ষা করছে সবুজ উইকেট, যেখানে ব্যাটসম্যানদের উৎসবের সম্ভাবনাই বেশি। কোচ ড্যারেন স্যামি উইকেট দেখে যে হাসলেন, সেটি হয়তো তাঁর দলের আত্মবিশ্বাসেরই ইঙ্গিত, কিন্তু বাংলাদেশের বর্তমান টি–টোয়েন্টি ফর্ম দেখলে সেই আত্মবিশ্বাস খুব বেশিক্ষণ টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল এখন একদম ভিন্ন এক রূপে। টানা চারটি টি–টোয়েন্টি সিরিজ জিতেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়ে গড়েছে আত্মবিশ্বাসের পাহাড়। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানরাই এখন দলের প্রাণ তানজিদ, পারভেজ হোসেন আর সাইফ হাসান মিলে ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন। এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তাঁদের দখলে।

বাংলাদেশের ব্যাটিংয়ে এসেছে একধরনের নির্ভারতা, এসেছে ছন্দ। আগের মতো অতিরিক্ত ভাবনা নয়! এখন তারা জানে, নিজের দিনে যে কেউ ম্যাচ জেতাতে পারে। লিটন দাসের নিজস্ব স্ট্রোক খেলা, পারভেজের পাওয়ার হিটিং, সাইফ হাসানের আগ্রাসন। সব মিলে এই দলটা এখন টি–টোয়েন্টিতে অন্য এক মানসিকতায় খেলছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা একেবারেই উল্টো। গত এক বছরে টানা আটটি সিরিজে হেরেছে তারা, এমনকি নেপালের কাছেও হারতে হয়েছে। একসময়ের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দল এখন খুঁজছে নিজেদের হারানো ছন্দ। তবে ক্যারিবীয় দল বলেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই! তাদের দলে আছে এমন কয়েকজন ব্যাটার, যারা এক ইনিংসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

চট্টগ্রামের এই ম্যাচে তাই মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ আর ক্ষুধার্ত ওয়েস্ট ইন্ডিজ। লিটনদের জন্য এটি শুধু আরেকটি সিরিজ নয়, বরং নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার পরীক্ষা। স্পিনবান্ধব ঢাকা ছেড়ে ব্যাটিংবান্ধব চট্টগ্রামে এবার লড়াই হবে শট, ছক্কা আর কৌশলের।

২৭ অক্টোবরের রাতটা তাই হতে পারে বাংলাদেশের আরেকটি উৎসবের শুরু, কিংবা ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাবর্তনের গল্পের সূচনা। সবকিছুর জবাব মিলবে মাঠেই। চট্টগ্রামের সবুজ ঘাসের নিচে, আলোর ঝলমলে এক সন্ধ্যায়।

Google search engine