Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর ফিরেই মিলছে এক দারুণ সুখবর আগামীকাল (বুধবার) তারা পাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ঘোষিত ৫০ লাখ টাকার পুরস্কার।

এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই পুরস্কার ঘোষণা করেছিলেন।
বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বাফুফের হাতে এই অর্থ হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

একই দিনে পুরস্কার পেতে চলেছেন নারী হকি দলও। চীনে অনুষ্ঠিত এশিয়ান কাপ থেকে ব্রোঞ্জ জিতে ফেরা অনূর্ধ্ব–১৮ হকি দল পাচ্ছে ২১ লাখ টাকার প্রণোদনা। দলের ২১ সদস্য খেলোয়াড়, কোচ ও ম্যানেজার প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এশিয়ান কাপ বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশের নারী ফুটবল দল। বাফুফে তাদের জন্য আগেই দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেও, সেটি এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ নারী ফুটবল ও হকি দলের এ অর্জন নিঃসন্দেহে দেশের নারীদের খেলাধুলায় এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।

Google search engine