
মোঃ লিমন শাহরিয়ার:
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দীর্ঘদিনের নির্ভরতার প্রতীক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে এই খবরটি জানিয়েছেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
পোস্টে মিষ্টি লেখেন…
“আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন।
আল্লাহুম্মা বারিক লাহু।
তার সঙ্গে একটি ছবিও যুক্ত করেন, যেখানে দেখা যায় রিয়াদ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ছবিটি প্রকাশ হতেই মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রিয়াদ ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকে কমেন্টে লিখেছেন, “আল্লাহ দ্রুত সুস্থ করে দিন”, “রিয়াদ ভাই আমাদের গর্ব, দোয়া রইল”এমন অসংখ্য শুভকামনার বার্তায় ভরে গেছে তার স্ত্রীর পোস্টের কমেন্ট বক্স।
এখনও পর্যন্ত রিয়াদের অসুস্থতার ধরন বা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে ক্রিকেটপাড়ায় উদ্বেগের পাশাপাশি রয়েছে একটাই আশা ‘দ্রুত সুস্থ হয়ে যেন আবার আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠেন প্রিয় ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ছিলেন নির্ভরযোগ্য একজন পারফরমার। ব্যাটে-বলে দারুণ সব মুহূর্ত উপহার দিয়ে ২০২৩ সালে বিদায় নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে মাঠের বাইরে থাকলেও ভক্তদের হৃদয়ে এখনো সমানভাবে জায়গা দখল করে আছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সবাই এখন একটি প্রার্থনাই করছেন…
আল্লাহ আমাদের রিয়াদ ভাইকে দ্রুত সুস্থ করে দিন।




