
মোঃ লিমন শাহরিয়ার:
দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। গত সেপ্টেম্বরে ডান উরুর চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডেও জায়গা হয়নি তার। অবশেষে প্রায় দেড় মাস পর আবারও সবুজ ঘাসে দেখা যাবে এই জাদুকরকে।
শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টা, ভিলা বেলমিরো স্টেডিয়ামে সান্তোস মুখোমুখি হবে ফোর্তালেজার বিপক্ষে। ম্যাচটি সরাসরি দেখা যাবে Star+ (স্টার প্লাস) বা ESPN ব্রাজিল চ্যানেলে (অনলাইনে লাইভ দেখা যাবে অফিসিয়াল ব্রডকাস্টিং অ্যাপে)।
সান্তোস কোচ জুয়ান পাবলো ভোজভোদা ইতিমধ্যেই দল ঘোষণা করেছেন, যেখানে নেইমার রয়েছেন দলে। তবে তিনি শুরু একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। সম্ভবত তাকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে।
তবে নেইমার আশাবাদী, আগামী ৬ নভেম্বর পালমেরাস ও ৯ নভেম্বর ফ্লোমিঙ্গোর বিপক্ষে ম্যাচে তাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
বর্তমানে ৩২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে সান্তোস, আর ফোর্তালেজা রয়েছে ১৮তম স্থানে ২৭ পয়েন্ট নিয়ে। ফলে রেলিগেশন জোন থেকে বেরিয়ে আসার লড়াইয়ে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার ব্রাজিলিয়ান ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে!




