Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে ঝড় তোলা নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠে রাজত্ব করে আসা এই পর্তুগিজ তারকা এবার যেন শেষ প্রান্তে পৌঁছে গেছেন নিজের দীর্ঘ ক্যারিয়ারের। অবসরের ইঙ্গিত দিয়ে তিনি জানালেন, সেই দিনটি আসছে খুব শিগগিরই আর সেটি হবে তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন দিনগুলোর একটি।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো খোলামেলা ভাবে বলেন,
‘অবসর খুব শিগগিরই আসবে, তবে আমি প্রস্তুত থাকব। হ্যাঁ, খুব কঠিন হবে সেদিনটি। আমি হয়তো কাঁদবোও সেদিন। কারণ আমি এমন একজন মানুষ, যে সহজেই কাঁদে। আমি আমার অনুভূতি লুকাই না। আমি সৎ ও খোলামেলা মানুষ।’

শব্দে-শব্দে ফুটে উঠেছে এক কিংবদন্তির অন্তরের কোমলতা। মাঠে তাঁর লড়াই, দৃঢ়তা, আগ্রাসন সবই ছিল এক যোদ্ধার মতো। অথচ সেই রোনালদোই বলছেন, অবসরের দিন কান্না আসবে চোখে।

তিনি জানান, এই মুহূর্তের জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন অনেক আগে থেকেই।
‘আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই আমি এই চাপ সহ্য করতে পারব বলে মনে করি।’

কিন্তু ফুটবলের বাইরে সেই শূন্যতা কি কিছু দিয়ে পূরণ করা সম্ভব?
রোনালদোর উত্তর স্পষ্ট, ‘না, কিছুই না। ফুটবলে গোল করার যে অ্যাড্রেনালিন, তার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। তবে জীবনের সবকিছুরই শুরু আছে, শেষও আছে। আমি মানসিকভাবে প্রস্তুত।

মাঠের বাইরে এখন রোনালদোর সবচেয়ে বড় আকর্ষণ তাঁর পরিবার।
‘আমার অন্য কিছু আগ্রহ আছে। নিজের জন্য সময় পাব, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব, সন্তানদের বড় হতে দেখব। বিশেষ করে আমার ছোট মেয়ে বেলা, যার বয়স এখন তিন বছর। আমি যখন ভ্রমণে থাকি, তখন ওকে খুব মিস করি।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এসে মুখে হাসি ফুটে ওঠে রোনালদোর। ভালোবাসার মানুষ জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পরিকল্পনার কথাও জানান তিনি।
‘আমি খুব রোমান্টিক মানুষ না… তবে আমার নিজের মতো করে রোমান্টিক!হাসতে হাসতে বলেন রোনালদো।

মজার বিষয় হলো, মেয়েদের সাহায্যেই তিনি জর্জিনাকে প্রপোজ করেছিলেন।
‘আমরা ভেবেছিলাম বিশ্বকাপের পর, ট্রফি জয়ের সঙ্গে উদযাপন করব, কিন্তু তা হয়নি।

আর যখন পিয়ার্স মরগ্যান জানতে চান কোথায় বিয়ে করবেন, রোনালদোর উত্তর ছিল সহজ!
আমরা এখনো পরিকল্পনা করিনি, কারণ জর্জিনা বড় অনুষ্ঠান পছন্দ করে না। সে ছোট, ঘরোয়া আয়োজন ভালোবাসে। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাব।

সম্ভবত রোনালদো জানেন, বড় বিদায় ঘোষণা মানেই কাঁপন পুরো ফুটবল দুনিয়ায়। তবে এই কিংবদন্তি বিদায় নেবেন শান্তভাবে, নিজের মতো করে যেভাবে সবসময় মাঠে করেছেন জয়।

ফুটবলের রাজপুত্রের অবসরের দিন হয়তো আসছে শিগগিরই! আর সেই দিন, হয়তো কাঁদবে শুধু রোনালদো নন, কাঁদবে কোটি ভক্তও।

Google search engine