Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে শুরু হয়ে গেছে প্রস্তুতির তোড়জোড়। বিসিবির নতুন কমিটির অধীনে প্রথমবারের মতো টুর্নামেন্টটির দায়িত্ব নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সঙ্গে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এবার আয়োজনের দায়িত্বও পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি, যারা আগামী তিন মৌসুম বিপিএল আয়োজন করবে।

ইতোমধ্যেই নিশ্চিত, এবারের বিপিএল হবে মাত্র ৫ দলের। দলগুলো হলো : চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট ও রাজশাহী স্টার। তবে আগের আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এবার থাকছে না।

ভেন্যু নিয়েও এসেছে নতুন সিদ্ধান্ত। গুঞ্জন ছিল রাজশাহীতেও খেলা হতে পারে, তবে মাঠের সংস্কারকাজ শেষ না হওয়ায় আপাতত তা সম্ভব হচ্ছে না। সবশেষ তথ্য অনুযায়ী, এবারের বিপিএলের ম্যাচ হবে মোট তিন ভেন্যুতে…
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ঢাকা)
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম)
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট)

তবে আয়োজনের ভারসাম্য রাখতে বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে, অর্থাৎ চট্টগ্রাম ও সিলেটে। প্রথম দিকের কয়েকটি ম্যাচ এবং শেষের দিকের গুরুত্বপূর্ণ ম্যাচ হবে মিরপুরে, উইকেটের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

সব কিছু ঠিক থাকলে, ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে হবে প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের বিপিএল তাই হতে যাচ্ছে কিছুটা ভিন্নধর্মী দল কম, ভেন্যু সীমিত, কিন্তু উত্তেজনা থাকছে পূর্ণমাত্রায়!

Google search engine