Google search engine

হংকং সিক্সেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলীর দল। বাংলাদেশের প্রথম ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।

আগে ব্যাট করে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত-আবু হায়দার রনিদের তোপে ৬১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই থানুকা ডাবারের উইকেট হারায় শ্রীলঙ্কা। পরের ওভারে লাহিরু মাদুশঙ্কাকে ফেরান মোসাদ্দেক। শ্রীলঙ্কার হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেছেন ধনাঞ্জয়া লাকসান। ৭ বলে ১৩ রান করেছেন লাহিরু সামারাকুন।

বাংলাদেশের হয়ে ২ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও তোফায়েল আহমেদ।

এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন হাবিবুর রহমান সোহান। প্রথম ওভারেই ২০ রান তোলেন ডানহাতি এ ব্যাটার। ৭ বলে সোহানের ব্যাট থেকে আসে ২১ রান। তবে আরেক ওপেনার জিশান আলম মারের গোল্ডেন ডাক।

আকবর আলী এদিন তুলেছিলেন ঝড়। ৯ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৩২ রান। তবে মোসাদ্দেক-রনিরা বড় শট খেলতে পারেননি। যার কারণে ৭৫ রানে থামে বাংলাদেশ। দিনশেষে এই রানই যথেষ্ট হয়েছে টাইগারদের জয়ের জন্য।

Google search engine