Google search engine

১৮ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি, যেখানে ছিল সাতটি ছক্কার মার। ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেও দলের পরাজয় ঠেকাতে পারলেন না আবু হায়দার রনি। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলাদেশ।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক আকবর আলী। কিন্তু শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলে অস্ট্রেলিয়া। নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। ছোট ফরম্যাটে এমন স্কোর যে কোনো দলের জন্যই ছিল চ্যালেঞ্জিং।

অজিদের হয়ে বেন ম্যাকডরমট ১৪ বলে আটটি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন। অধিনায়ক অ্যালেক্স রস ১১ বলে ৫০ রান করেন, যেখানে ছিল একটি চার ও সাতটি ছক্কা। উইলিয়াম বসিস্তুো ছয় বলের মধ্যে পাঁচটিকেই পাঠান গ্যালারিতে, করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট, যদিও খরচ হয় যথাক্রমে ২৪ ও ২৫ রান।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ভয়াবহ। প্রথম চার ব্যাটার কেউই সুবিধা করতে পারেননি। হাবিবুর রহমান সোহান ও জিসান আলম দুই বলে একটি করে ছক্কা হাঁকালেও দ্রুত ফিরতে হয় দুজনকেই। অধিনায়ক আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে।

শেষ পর্যন্ত রনির ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস মেলে। ১৮ বলে দুটি চার ও সাতটি ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রাকিবুল হাসানও ১০ বলে ২৫ রান যোগ করেন। তবে নির্ধারিত ছয় ওভারে বাংলাদেশ থামে ৯৫ রানে, ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠার স্বপ্ন ভেঙ্গে যায় বাংলাদেশের।

Google search engine