
মোঃ লিমন শাহরিয়ার:
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফুটবলপাগলদের জন্য অপেক্ষা করছে এক অনন্য আয়োজন এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মাঠে নামবে তিন দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশ।
আর সবচেয়ে বড় খবর ব্রাজিল দলের সঙ্গে থাকছেন ফুটবল ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি, দুইবারের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কাফু!
তিনটি দলই গঠিত হবে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে, কিন্তু পরবেন নিজ নিজ দেশের আসল জার্সি। আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে দিয়েছে সবুজ সংকেত।
তিন দলের লড়াই হবে রাউন্ড রবিন ফরম্যাটে প্রত্যেক দল একবার করে মুখোমুখি হবে বাকিদের সঙ্গে।
এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (AFBPIL) আয়োজিত এই ইভেন্টের জন্য ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়াম বরাদ্দ নিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকেরা শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জানাবেন ইভেন্টের পূর্ণাঙ্গ পরিকল্পনা।
ঢাকার আকাশে তাই ফুটবলের রোমাঞ্চে ইতিমধ্যে ঘন হচ্ছে উত্তাপ ল্যাটিন ছন্দে মাতবে বাঙালির হৃদয়!




