Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

বিশ্ব ক্রিকেটে ঘটল এক অনন্য অধ্যায়!একই দলে মাঠে নামলেন বাবা ও ছেলে!
প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি। তিমুর-লেস্তে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই গড়ে ফেলল বিরল এই রেকর্ড।

ইন্দোনেশিয়ার বালিতে ত্রিদেশীয় সিরিজে খেলছে তিমুর-লেস্তে, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও মায়ানমার। ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচেই ইতিহাস গড়ে দলটি একসঙ্গে অভিষেক হয় ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার এবং তাঁর ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সুহাইলের।

সুহাইল তিন নম্বরে ব্যাট করে ১৫ বলে দলের সর্বোচ্চ ১৪ রান করেন। আর ছেলে ইয়াহিয়া পাঁচ নম্বরে নেমে ৬ বলে ১ রান করে রানআউট হন। দলটি ৬১ রানে অলআউট হলেও ইতিহাসের পাতায় জায়গা করে নেয় এক পরিবারের এই যুগল অভিষেক।

১১১তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা তিমুর-লেস্তের এই ম্যাচ ক্রিকেট দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে।
এর আগে নারীদের ক্রিকেটে সুইজারল্যান্ডের মেটি ফার্নান্দেজ ও তাঁর মেয়ে নাইনা সাজু মা-মেয়ের একসাথে খেলার নজির থাকলেও পুরুষদের ক্রিকেটে এই ঘটনা প্রথমবারের মতো ঘটল।

বাবা-ছেলের একসাথে মাঠে নামা যেন প্রমাণ করে দিল, ক্রিকেট শুধু খেলা নয় এ এক প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া আবেগের গল্প।

Google search engine