
মোঃ লিমন শাহরিয়ার:
বাংলাদেশ নারী ক্রিকেটে বড় আলোচনার জন্ম দিয়েছে জাহানারা আলমের অভিযোগ। সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্তে অবশেষে আনুষ্ঠানিকভাবে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। তাঁর সঙ্গে সদস্য হিসেবে আছেন বিসিবির নারী পরিচালক রুবাবা দৌলা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, যিনি বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে।
ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলমের এক সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি অভিযোগ করেন, মঞ্জুরুল ইসলাম তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন এবং আরও কয়েকজন কর্মকর্তা তাঁর ক্যারিয়ার ধ্বংসের পেছনে ভূমিকা রেখেছেন। জাহানারার দাবি, ২০২১ সাল থেকে দেড় বছরেরও বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব বিষয়ে বিসিবিকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে, মঞ্জুরুল ইসলাম অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। দেশে গিয়ে যেকোনো সময় কমিটির সামনে বসতে পারি।’
আইসিসির সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দেশে ফেরার পরই তদন্ত কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে অন্যতম আলোচিত এই ঘটনায় এখন দৃষ্টি সকলের তদন্ত কমিটির পরবর্তী পদক্ষেপে।




