Google search engine

বাংলাদেশ সফর শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল পাকিস্তান হকি দল। দল গঠনে হস্তক্ষেপের প্রতিবাদে সফরে আসছেন না দলের প্রধান কোচ তাহির জামান।

আজ (শনিবার) রাত ২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা পাকিস্তান দলের। তবে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন সাবেক তারকা খেলোয়াড় ও প্রধান কোচ তাহির জামান। দেশটির গণমাধ্যম প্রো-পাকিস্তানি জানিয়েছে, পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সঙ্গে তীব্র মতবিরোধের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, দল নির্বাচনের সময় ফেডারেশনের পক্ষ থেকে শেষ মুহূর্তে দুই খেলোয়াড়কে দলে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন কোচ তাহির জামান। কিন্তু ফেডারেশন সেই অবস্থান থেকে না সরায় ক্ষুব্ধ হন তিনি এবং সফর থেকে নিজেকে সরিয়ে নেন। ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্তও বিবেচনা করছেন সাবেক এই তারকা খেলোয়াড়।

তাহির জামানের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ উসমান। তবে এই নিয়োগ সাময়িক, কারণ পিএইচএফ বছরের শেষের দিকে একজন বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা করছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের প্লে-অফ সিরিজ মাঠে গড়াবে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। সিরিজের জয়ী দল বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।

এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে এই প্লে-অফে খেলতে হচ্ছে। অন্যদিকে, ভারতীয় মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপে না খেললেও, র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে আন্তর্জাতিক হকির নিয়ম অনুযায়ী সুযোগ পেয়েছে পাকিস্তান।

তবে কোচকে হারিয়ে সফরের আগেই অস্বস্তিতে পড়েছে পাকিস্তান হকি দল।

Google search engine