Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

২০০০ সালের ১০ নভেম্বর: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় দিন। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে লাল-সবুজ জার্সির দল। অভিষেক ম্যাচে দারুণ সূচনা করলেও শেষ পর্যন্ত ৯ উইকেটে হেরে যায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই শুরু হয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অধ্যায়, যা আজ পূর্ণ করেছে ২৫ বছর।

এই দীর্ঘ সময়ে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পথচলা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে আসে সেই ঐতিহাসিক জয়। তার আগে ৩৪ ম্যাচে ৩টি ড্র আর ৩১টি হার ছিল একমাত্র অর্জন।

এরপরও আশার আলো দেখিয়েছিল ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর, যেখানে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতে নেয় টেস্ট সিরিজ। কিন্তু সামগ্রিকভাবে টেস্টে ধারাবাহিকতা এখনো বড় চ্যালেঞ্জ।

২৫ বছরে বাংলাদেশ খেলেছে ১৫৪ টেস্ট, জিতেছে মাত্র ২৩টি, হার ১১২টি, আর ১৯টি ড্র। তবে এই সংখ্যার মাঝেও কিছু জয় রয়েছে যা ভক্তদের হৃদয়ে স্থায়ী হয়ে আছে।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়, ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারানো, আর সর্বশেষ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়! এসবই বাংলাদেশের টেস্ট ইতিহাসে গর্বের অধ্যায়।

বিশেষ করে পাকিস্তান সফরের সেই জয় ছিল টেস্ট ইতিহাসে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পার্টনারশিপে হার থেকে ঘুরে দাঁড়িয়ে দল জিতে নেয় ম্যাচ ও সিরিজ দুটোই।

২৫ বছর শেষে হিসাবটা বলে, টেস্ট ক্রিকেটে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। তবে লাল বলের ক্রিকেটে কিছু মুহূর্ত বাংলাদেশকে এখনো স্বপ্ন দেখায়, নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যেতে।

Google search engine