Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

চাঁদপুরের মাত্র ৬ বছর বয়সী ক্ষুদে ফুটবলার সোহানকে নিয়ে মুগ্ধ হয়েছিল পুরো দেশ। গ্রামের মাঠে খালি পায়ে ফুটবল নিয়ে তার ড্রিবলিং, পায়ের কারুকাজ আর খেলার প্রতি অদম্য ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের এই ছোট্ট ফুটবলপ্রেমী ছেলেটির ভিডিও ভাইরাল হওয়ার পর দেশের নানা প্রান্ত থেকে মানুষ তার প্রতিভার প্রশংসা করে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সোহানের ফুটবলের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং উপহার সামগ্রী পাঠান তার কাছে। সেই উপহার পৌঁছে দেন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

এরপর এবার সোহানের জীবনে এলো আরও বড় সুখবর!
বিকেএসপি বাংলাদেশের ক্রীড়া প্রতিভা গড়ে তোলার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, সোহানকে দেওয়া হবে বিকেএসপির স্কলারশিপ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,
খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান।

দেশের ক্রীড়ামোদীরা বলছেন, এটা বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য এক অনুপ্রেরণামূলক পদক্ষেপ।
গ্রামের মাঠ থেকে উঠে আসা এই ক্ষুদে ফুটবলারের স্বপ্ন এখন বিকেএসপির ঘাসের মাটিতে নতুনভাবে রোপিত হচ্ছে।

Google search engine