
২০২০ সালে নিজের বিয়ে নিয়ে আজাদী রেডিওর এক প্রশ্নের উত্তরে বর্তমান বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ খান জানিয়েছিলেন, বিশ্বকাপ জেতার পর বিয়ে করবেন তিনি। তবে নিজের বলা সে কথা রাখতে পারেননি আফগান এই ক্রিকেটার। গত বছর অক্টোবরে বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন। তবে এবার প্রশ্ন উঠেছে তার দ্বিতীয় বিয়ে নিয়েও। নিজের স্যোশাল মিডিয়ায় রশিদ দাবি করেছেন, চলতি বছরের আগস্ট মাসে তিনি নিকাহ সেরেছেন।
গতকাল সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করেন রশিদ। যেখানে তিনি লেখেন, ‘গত ২ আগস্ট, ২০২৫ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি। নিকাহ সেরেছি এমন একজনের সঙ্গে, যাকে ভালোবাসা এবং শান্তির প্রতীক বলা যেতে পারে। এমন একজনকেই আমি জীবনসঙ্গী হিসাবে বরাবর চেয়েছিলাম।’
নিজের পোস্টে রশিদ আরও লেখেন, ‘সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু সেখানে খুবই অপ্রিয় কিছু ঘটনা ঘটে। তাই সকলকে সত্যিটা সোজাসুজি জানিয়ে দিতে চাই, উনি আমার স্ত্রী। আমরা একসঙ্গেই রয়েছি।’ যদিও নিজের স্ত্রীর ছবি প্রকাশ করেননি এই আফগান ক্রিকেটার।
প্রথম বিয়ের পর বছর ঘোরার আগেই তার এমন পোস্টের পর থেকেই ক্রিকেট ভক্তদের মাঝে বইছে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। উঠেছে নানা প্রশ্ন। তবে কি প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে রশিদের! যদিও এমন কিছু এখনো জানাননি এই ক্রিকেটার।




