
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ এক বিস্ফোরণ। হঠাৎ আগুনের গোলা হয়ে ফেটে যায় একটি গাড়ি মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত আটজন, আহত হন আরও অনেকে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
ভারতের রাজধানীর এই নৃশংস ঘটনাটি দ্রুতই প্রভাব ফেলেছে কলকাতাতেও। কারণ, কয়েক দিনের মধ্যেই ইডেন গার্ডেনে শুরু হতে যাচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ। তাই নিরাপত্তা জোরদারে এক মুহূর্ত সময় নষ্ট করেনি কলকাতা পুলিশ।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুই দলই বর্তমানে কলকাতায় অবস্থান করছে। তাদের যাতায়াত, অনুশীলন ও ম্যাচের দিনগুলোয় থাকছে সর্বোচ্চ সতর্কতা। ইডেন গার্ডেনের চারপাশে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট, সিসিটিভি নজরদারি ও স্পেশাল ফোর্স। মাঠে ঢোকার প্রতিটি গেটে চলছে তল্লাশি, বাড়ানো হয়েছে টহলও।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগামী মঙ্গলবার সরাসরি মাঠে গিয়ে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ইতোমধ্যে পুলিশের সঙ্গে যৌথ বৈঠকে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে।
অন্যদিকে, বিস্ফোরণের কয়েক কিলোমিটার দূরে অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে রঞ্জি ট্রফির ম্যাচ। সেখানেও নিরাপত্তা কড়া করা হয়েছে।
১৪ নভেম্বর ইডেনে শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর গুয়াহাটিতে। এরপরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তবে তার আগেই দিল্লির এই বিস্ফোরণ ছড়িয়েছে আতঙ্ক আর তাই ইডেনে এখন ক্রিকেট নয়, আলোচনার কেন্দ্রবিন্দু ‘নিরাপত্তা’।




