
মোঃ লিমন শাহরিয়ার:
দু’দিন আগেই সাংবাদিকরা বয়কট করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রেস কনফারেন্স। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিসিবি কনফারেন্সের শেষ দিনে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁর কথা বলার কথা থাকলেও সাংবাদিকরা ক্ষোভে ফিরে যান নিজ নিজ গন্তব্যে।
ঘটনার সূত্রপাত ১০ নভেম্বর, বাংলাদেশের টেস্ট অভিষেক দিবসেই। সেদিন বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি। কিন্তু নির্ধারিত সময়েও সাংবাদিকরা প্রবেশাধিকার পাননি সোনারগাঁওয়ের লবিতে। প্রায় দেড় ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থেকেও ভিতরে ঢুকতে পারেননি, এমনকি এক বোতল পানি পর্যন্ত পাননি কেউ। শেষ পর্যন্ত হতাশ হয়ে সংবাদ সম্মেলন বর্জন করেন তাঁরা।
ঘটনার ৪৮ ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের কাছে খোলামেলা ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
ভিডিও বার্তায় বুলবুল বলেন,
গত ১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। আপনাদের যথাযথ সম্মান জানাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এজন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আপনারা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের বড় অংশীদার, ভবিষ্যতে এমন ভুল যেন না হয় সে ব্যবস্থা নেব।
তিনি আরও যোগ করেন,
আমাদের কোন বিভাগের কারণে এই ব্যর্থতা ঘটেছে, তা তদন্ত করা হবে। আমরা সবাই মিলে ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই, আপনাদের সহযোগিতা ভবিষ্যতেও কামনা করছি।
সাংবাদিকদের প্রতি সৌজন্যহীন আচরণের ঘটনায় ক্ষোভ ছড়ালেও, বুলবুলের এই ক্ষমা প্রার্থনা অনেকের কাছেই ইতিবাচক বার্তা দিয়েছে! বাংলাদেশ ক্রিকেটে সৌজন্য ও সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হয়তো এখানেই।




