Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

সময়কে যেন তিনি হার মানিয়েছেন বহুবার। বয়স ৪০, তবু এখনো গোলের পর গোল করে যাচ্ছেন মাঠ কাঁপিয়ে। কিন্তু এবার সেই অনন্ত যাত্রার শেষপ্রান্তে পৌঁছানোর ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই। জানিয়ে দিলেন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই হবে তাঁর শেষ আসর।

সৌদি আরবের এক ফোরামে ভিডিও লিঙ্কে যোগ দিয়ে রোনালদো বলেন,
নিশ্চিতভাবেই হ্যাঁ, ২০২৬ হবে আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১, আর আমি মনে করি সেটাই হবে সঠিক সময়।

বিশ্ব ফুটবলের এক যুগের প্রতীক হয়ে ওঠা এই তারকা ইতিমধ্যে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। ষষ্ঠবারের মতো মঞ্চে নামতে চান তিনি যা নিজেই ইতিহাস। তাঁর প্রথম বিশ্বকাপ ছিল ২০০৬ সালে, যেখানে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে থেমেছিল পর্তুগালের স্বপ্ন। সেই ম্যাচই এখনো ট্রফির সবচেয়ে কাছে যাওয়ার স্মৃতি হয়ে আছে রোনালদোর মনে।

এখনও পর্যন্ত পর্তুগাল আনুষ্ঠানিকভাবে কোয়ালিফাই করেনি ২০২৬ বিশ্বকাপের জন্য। তবে বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই নিশ্চিত হবে তাদের জায়গা। আর সেই মুহূর্তে রোনালদোর চোখ শুধু একটাই লক্ষ্য, শেষ বিশ্বকাপে শেষবারের মতো দেশকে গৌরব এনে দেওয়া।

চল্লিশেও যিনি থামেননি, একচল্লিশে গিয়েও তাঁর বিদায় হবে কিংবদন্তির মতোই রোনালদো বলেই কথা।

Google search engine