
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে আফ্রিকায় মাঠে নামার কথা ছিল হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা আর জুলিয়ানো সিমিওনের। কিন্তু এক অপ্রত্যাশিত কারণে সেই সফর থেকে বাদ পড়লেন তিনজনই কারণ, তাঁরা নেননি হলুদ জ্বরের টিকা।
অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য এই টিকা বাধ্যতামূলক। তাই নিয়ম মেনেই তাঁদের দল থেকে ছেঁটে ফেলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “আতলেতিকো মাদ্রিদের তিন ফুটবলার সময়মতো বাধ্যতামূলক ভ্যাকসিন-সংক্রান্ত স্বাস্থ্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাই তাঁরা দলে থাকছেন না।
আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচটি। স্বাগতিক অ্যাঙ্গোলা মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। জানা গেছে, ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলা সরকার আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১৭০ কোটি)।
এই সফরে থাকছেন না এনজো ফার্নান্দেজও ডান হাঁটুর চোটে ছিটকে গেছেন মিডফিল্ডারটি। তাঁর পরিবর্তে কোচ লিওনেল স্কালোনি তিন নতুন মুখকে দলে টেনেছেন…
ইউনিয়ন এসজির ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার,
চোট থেকে ফেরা ম্যানইউ তারকা লিসান্দ্রো মার্তিনেজ,
আর অ্যাস্টন ভিলার অ্যাটাকিং মিডফিল্ডার এমিলিও বুয়েন্দিয়া।
আগ্রহের বিষয়, কেভিন ম্যাক–অ্যালিস্টার হচ্ছেন আর্জেন্টিনার পরিচিত মুখ অ্যালেক্সিস, ম্যাক অ্যালিস্টারের ভাই। এই সফরেই হতে পারে তাঁর জাতীয় দলে অভিষেক।
অ্যাঙ্গোলায় এই ম্যাচ দিয়েই ২০২৫ সালের মাঠের অধ্যায় শেষ করবে আর্জেন্টিনা। এরপর আগামী মার্চে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে স্কালোনির দল। এরই মধ্যে স্পেনে অনুশীলন করছে আর্জেন্টিনার ফুটবলাররা, আর আফ্রিকার এই সফরের পর তারা আবার ইউরোপে ফিরে যাবে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলনে।
আলভারেজ, মলিনা, সিমিওনে বাদ পড়ায় আর্জেন্টিনার স্কোয়াডে অপ্রত্যাশিত পরিবর্তন এলেও, লিওনেল স্কালোনির লক্ষ্য একই—বছরটা জয় দিয়েই শেষ করা।




