
তাইজুল ইসলাম! বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নীরব নায়ক। আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও একের পর এক মাইলফলক গড়ে যাচ্ছেন এই বাঁহাতি স্পিনার। সিলেট টেস্টে আজ (বৃহস্পতিবার) আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ আউট করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের গৌরব অর্জন করেছেন তিনি।
এই টেস্ট শুরুর আগে তাইজুলের প্রথম শ্রেণির উইকেট সংখ্যা ছিল ৪৯৭। প্রথম ইনিংসে নিয়েছেন ২ উইকেট, দ্বিতীয় ইনিংসে টেক্টরকে ফেরানোর সঙ্গে সঙ্গেই পৌঁছে গেলেন ৫০০-র অনন্য মাইলফলকে। এটি তার ১১৪তম প্রথম শ্রেণির ম্যাচ।
একইসঙ্গে টেস্ট ক্রিকেটেও আরেক ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তাইজুল ইসলাম। এখন পর্যন্ত ৫৬ টেস্টে তার শিকার ২৪০ উইকেট। দেশের ইতিহাসে সবার ওপরে আছেন সাকিব আল হাসান, যার উইকেট সংখ্যা ২৪৬। অর্থাৎ মাত্র ৭ উইকেট দূরে তাইজুল বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির আসনে।
বছরের পর বছর নীরবে নিজের কাজটা করে গেছেন তাইজুল। সাকিবের ছায়ায় থেকেও নিজের আলোয় উজ্জ্বল হয়েছেন। তাই প্রশ্নটা উঠতেই পারে বাংলাদেশের লাল বলের ক্রিকেটে কি তিনি এখনো আন্ডাররেটেড?




