
লিওনেল মেসি মানেই দলীয় সাফল্যের প্রতি অটল অগ্রাধিকার। ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর রেকর্ড ৮ বার জেতার পরও ব্যক্তিগত অর্জন নয়, মেসির লক্ষ্য এখনো সেই বিশ্বমঞ্চ।
সম্প্রতি জনপ্রিয় ফুটবল প্ল্যাটফর্ম ‘৪৩৩’ এর এক হালকা প্রশ্নোত্তর পর্বে মেসিকে জিজ্ঞেস করা হয়
“আরও একটি ব্যালন ডি’অর, নাকি আরেকটি বিশ্বকাপ?”
মেসির উত্তর ছিল বিন্দুমাত্র দেরি না করে…
“বিশ্বকাপ।”
এতেই পরিষ্কার, বিশ্বজয়ের স্বাদই তার কাছে সর্বোচ্চ।
সাক্ষাৎকারে আরও কিছু ব্যক্তিগত পছন্দ অপছন্দ জানিয়ে দিয়েছেন মেসি…
মায়ামির চেয়ে বার্সেলোনার আবহাওয়া তার বেশি ভালো লাগে।
জয়সূচক গোল তাকে পরাজয়ে হ্যাটট্রিকের চেয়েও বেশি আনন্দ দেয়।
মাঝমাঠ থেকে গোল নয়, কর্নার থেকে সরাসরি (অলিম্পিক গোল) করতে পারলে সেটা বেশি তৃপ্তিদায়ক মনে হয় তার।
সবচেয়ে আলোচনার বিষয় ছিল মেসির ভবিষ্যৎ পরিকল্পনা। প্রশ্ন ছিল
কোচ মেসি, নাকি ক্লাব মালিক মেসি?
এবারও স্পষ্ট জবাব…
“ক্লাব মালিক হতে চাই।”
উরুগুয়ের দেপোর্তিভো এলএসএম ক্লাবের সহ-মালিক হিসেবে লুইস সুয়ারেসের সঙ্গে তিনি ইতোমধ্যে এই পথে প্রথম পদক্ষেপও রেখেছেন।
এদিকে জাতীয় দলের হয়ে বছরের শেষ ম্যাচে আঙ্গোলার বিপক্ষে মাঠে নামবেন মেসি। লুয়ান্ডায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক পরীক্ষা আর্জেন্টিনার জন্য, যা ২০২৬ সালের বিশাল প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।
দলীয় সাফল্য, ভবিষ্যতের পরিকল্পনা আর নতুন লক্ষ্য মেসির প্রতিটি কথাই যেন জানিয়ে দিল, তার ফোকাস এখনো ঠিক আগের মতোই তীক্ষ্ণ।




