Google search engine

বর্তমান সময়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করেন দুইজনেই! একজন মেসি আরেকজন রোনালদো। মেসির তুলনা রোনালদো আর রোনালদোর তুলনা মেসি! তবে ভক্তদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে কে সেরা? কেউ বলে মেসি কেউ বলে রোনালদো!
তবে লাল কার্ড এবং হলুদ কার্ডের হিসাবে কে এগিয়ে মেসি নাকি রোনালদো!

গোলসংখ্যায়, পেনাল্টিতে, অ্যাসিস্টে, ট্রফি জয়ে—ফুটবলের ব্যক্তিগত ও দলগত সব অর্জনের ঘটনায় নিয়মিতই তুলনা হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। পছন্দের খেলোয়াড়কে এগিয়ে রাখতে সমর্থকেরা এসব পরিসংখ্যান নিয়ে তর্কবিতর্কেও জড়িয়ে পড়েন।

তবে এসব আলোচনায় অনেক ক্ষেত্রেই আড়ালে পড়ে যায় দুজনের ডিসিপ্লিনারি রেকর্ড। একটি কারণ হতে পারে মেসি ও রোনালদোর পজিশন। রক্ষণের খেলোয়াড়দের যে পরিমাণে প্রতিপক্ষকে আটকানোর কাজ করতে হয়, আর সেটা করতে গিয়ে শৃঙ্খলাবিধির জালে আটকা পড়তে হয়, ফরোয়ার্ড হওয়ার কারণে মেসি-রোনালদোর তেমন কিছুর দরকার খুব একটা পড়ে না।

আবার উল্টো দিক হচ্ছে, প্রতিপক্ষ ডিফেন্ডারদের বিরক্তিকর আচরণে তাঁদের মেজাজ হারানোর পরিস্থিতিতেও পড়তে হয় প্রায়ই। এখন দেখার বিষয়, দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুজনের কে কত বেশি মেজাজ হারিয়েছেন, যা কার্ড পর্যন্ত গড়িয়েছে।কার্ডের প্রসঙ্গটা সামনে আসার কারণ বৃহস্পতিবারের পর্তুগাল-আয়ারল্যান্ড ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে লাল কার্ড দেখেছেন রোনালদো। এই এক লাল কার্ড তাঁকে ২০২৬ বিশ্বকাপের প্রথম ১-২ ম্যাচে দর্শক বানিয়ে দিতে পারে। পড়তে পারেন দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায়।

রোনালদোর জন্য দুঃখজনক দিক হচ্ছে, পর্তুগালের জার্সিতে এটিই তাঁর প্রথম লাল কার্ড। ২০০৩ সাল থেকে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। ১৩ নভেম্বরের খেলাটির আগপর্যন্ত ২২৫ ম্যাচে একবারও লাল কার্ড দেখতে হয়নি তাঁকে।অবশ্য ক্লাব ফুটবলে রোনালদোর লাল কার্ড দেখার ঘটনা একাধিক আছে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসরে খেলা রোনালদো ক্লাবের জার্সিতে ১২ বার লাল কার্ড দেখেছেন।

এর মধ্যে আটবার সরাসরি, চারবার দুই হলুদ কার্ডের যোগফলে। সব মিলিয়ে ১২৯৭ ম্যাচের ক্যারিয়ারে মোট ১৩টি লাল কার্ড দেখেছেন রোনালদো। লাল কার্ডের বাইরে মোট ১৬২টি হলুদ কার্ডও দেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। সব মিলিয়ে রোনালদোকে কার্ডের কারণে মিস করতে হয়েছে ৩১টি ম্যাচ।জাতীয় দলে রোনালদো টানা ২২৫ ম্যাচ লাল কার্ডহীন কাটালেও মেসি এ ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন তিনি। সেই লাল কার্ডও মাঠে নামার মাত্র ৪৩ সেকেন্ডেই। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে লাল কার্ড এখানেই শেষ নয়। ২০১৯ সালে কোপা আমেরিকায় চিলির বিপক্ষেও লাল কার্ড দেখেছেন তিনি।

ক্লাব ফুটবলে অবশ্য মেসির কার্ড দেখার ঘটনা কমই। বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামিতে খেলা এই তারকা লাল কার্ড দেখেছেন দুবার। সব মিলিয়ে ১১৩৩ ম্যাচের ক্যারিয়ারে মেসির লাল কার্ড ৪টি, সব কটিই সরাসরি। এ ছাড়া ১০৩টি হলুদ কার্ডও দেখেছেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত কার্ডের কারণে মেসি ম্যাচ মিস করেছেন ১৪টি।

অর্থাৎ মোটের ওপর হিসাব যা দাঁড়াচ্ছে—গোলসংখ্যার মতো (৯৫৩ ও ৮৯৫) লাল কার্ড ও হলুদ কার্ডেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো।

Google search engine