Google search engine

বাংলাদেশ – ভারত ফুটবলের লড়াইটা যেন দুই পুরোনো শত্রুর গল্প। সময় বদলেছে, দল বদলেছে, খেলোয়াড় বদলেছে তবু এই ম্যাচ এলেই মানুষের ভেতরে পুরোনো উত্তেজনা ফিরে আসে। মোট ২৯ বার মুখোমুখি হয়েছে দুই দল, অমীমাংসিত থেকেছে ১৩ ম্যাচ। কখনো ভারত এগিয়ে গেছে, বাংলাদেশ পিছিয়ে পড়েছে—কিন্তু লড়াইয়ের আবেগ কখনো কমেনি।

২০১৯ সালের কলকাতার সল্ট লেকের সেই রাত আজও অনেকের চোখে ভাসে বাংলাদেশ জিততে জিততে শেষ মুহূর্তে ড্র করে। যেন হারের মাঝেও একটা নতুন বিশ্বাস জন্মেছিল। তারপর ২০২১ সালে মালেতে আবারও গোলশূন্য ড্র কিন্তু লড়াই ছিল আগের মতোই তীব্র।

এ বছর শিলংয়ে আবার মুখোমুখি দুই দল। হামজা চৌধুরীর অভিষেকে বাংলাদেশ খেলেছিল অচেনা আত্মবিশ্বাসে গোল না হলেও দর্শক বুঝেছিল, এই দলটা বদলে গেছে। শমিত, রাফায়েলরা এসে খেলায় এনেছে নতুন গতি, নতুন আকর্ষণ। দেশজুড়ে আবার ফুটবলের উত্তেজনা ফিরছে।

আজকের ম্যাচও সেই দীর্ঘ গল্পেরই নতুন অধ্যায়। কে জিতবে, কে হারবে তা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বড় হলো এই লড়াইয়ের আবেগ। কারণ বাংলাদেশ বনাম ভারত ফুটবল মানেই নতুন স্মৃতির জন্ম, নতুন উত্তেজনার ঢেউ।

চোখ রাখলেই বুঝবে, আরো একটি গল্প আজ লেখা হবে।

Google search engine