Google search engine

২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর শুরুর আর মাত্র ৬ মাস বাকি। তবে টিকিট বিক্রির ধুম শুরু হয়ে গেছে। ফিফা তৃতীয় ধাপে টিকিট বিক্রির আবেদন শুরু করেছে। আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম দিনই ৫০ লাখ দর্শকের পক্ষ থেকে টিকিটের আবেদন পেয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও টিকিটের দাম নিয়ে ভক্তদের কাছ থেকে সমালোচনা শোনা যায়, তবে সব সমালোচনা ছাপিয়ে বিপুল সংখ্যক মানুষ টিকিটের আবেদন করেছে।

এবারের বিশ্বকাপের আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এই তিনটি দেশ থেকেই আবেদন পড়েছে বেশি। স্বাভাবিকভাবে স্বাগতিকদের নিজ দেশ নিয়ে চাহিদা বেশিই থাকার কথা।

তারপর পর্তুগাল, কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ডম জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামার মতো দেশগুলো থেকে বেশি টিকিটের আবেদন পড়েছে।

তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে ২৭ জুন মায়ামিতে হতে যাওয়া কলম্বিয়া–পর্তুগাল ম্যাচের।

গত বৃহস্পতিবার থেকে ‘র‌্যান্ডম সিলেকশন ড্র’ এর মাধ্যমে ভক্তরা ম্যাচ, টিকিট ক্যাটাগরি ও প্রতি ম্যাচের জন্য টিকিট সংখ্যা বাছাই করে আবেদন করতে পারছে। তবে এটাই টিকিট নয়।

সমর্থকদের এই আবেদনের ওপর ড্র হবে। যদি সিলেক্ট হয় ব্যক্তি তাহলে স্বয়ংক্রিয়ভাবে টাকা কাটা যাবে ও টিকিট দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই এর রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

ফিফা গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ধরেছে ১৮০ ডলার (২১ হাজার ৯৫৫ টাকা) থেকে ৭০০ ডলার (৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত। ফাইনাল ম্যাচের ক্ষেত্রে সর্বনিম্ন দাম ৪ হাজার ১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১০ হাজার টাকা), আর সর্বোচ্চ দাম ৮ হাজার ৬৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা)।

Google search engine