
দীর্ঘদিনের চোট আর মানসিক চাপ—এই দুইয়ের ভারে একসময় ফুটবলকেই বিদায় জানানোর কথা ভেবেছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সাম্প্রতিক হাঁটুর চোট তাকে এমন এক অবস্থায় নিয়ে গিয়েছিল, যেখানে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে বাবার অনুপ্রেরণা আর নিজের লড়াইয়ের মানসিকতা তাকে আবার দিয়েছে মাঠে ফেরার শক্তি।ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখনো হাঁটুর মেনিস্কাসের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে এর মধ্যেই গত মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে সান্তোসের হয়ে মাঠে নেমে দলকে বড় সহায়তা করেছেন। গত ২২ ডিসেম্বর তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।
৩৩ বছর বয়সী এই তারকার অস্ত্রোপচারের আগের মানসিক অবস্থার কথা একটি ইউটিউব সাক্ষাৎকারে তুলে ধরেন নেইমার সিনিয়র। রাফা টেসলা টি-এক্সপেরিয়েন্সিয়াস রেইস-এর সঙ্গে আলাপে তিনি জানান, চোটের খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেইমার।
নেইমার সিনিয়র বলেন, ‘আমি তার বাসায় গিয়ে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছ? সে আমাকে বলল—আমি আর পারছি না। চলো অস্ত্রোপচার করাই। জানি না এর পর ভালো হতে পারব কি না। মনে হচ্ছে সবকিছুই শেষ।’




