
এফটিপি অনুযায়ী খেলার কথা ছিল পূর্ণাঙ্গ সিরিজ। আয়ারল্যান্ড জানিয়েছে মাঠে গড়াবে না একটিও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি না হওয়ার কারণ হিসেবে আর্থিক সংকট সামনে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। অথচ এই বছরেই নারী-পুরুষ মিলিয়ে ডজনখানেক সিরিজ আয়োজন করবে।
দ্বিপাক্ষিক সিরিজটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বাজেট ঘাটতির কারণে সিরিজ আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম প্রাথমিক কারণ হিসেবে বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরিকল্পিত সিরিজটি আর্থিক কারণে করা সম্ভব হচ্ছে না।’
মঙ্গলবার নিজেদের ব্যস্ত সূচির তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই বসবে। পাকিস্তান, ওয়েস্ট ইন্জিজ, বাংলাদেশ, থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে ৯ থেকে ১৮ এপ্রিল। আছে প্রস্তুতি ম্যাচও। পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড নারী দল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ৫ ও ৭ এপ্রিল।




