
ওপেনার ব্যাটসম্যান তিনি। অথচ তিন ম্যাচ ওমান, ভারত ও আমিরাতের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন সাইম আইয়ুব। তবে বোলিংয়ে তাঁর শিকার এরই মধ্যে ৬ উইকেট। আবার শাহিন শাহ আফ্রিদি, যার কাছে কিনা দল উইকেট আশা করে, তিনি ভারতের সঙ্গে কোনো উইকেট পাননি। অথচ আফ্রিদি এরই মধ্যে ছয়-ছয়টি ছক্কা হাঁকিয়ে মোট ৬৪ রান করেছেন। যার সবকটিতেই অপরাজিত ছিলেন আফ্রিদি।
রমিজ রাজা তাঁর ইউটিউব চ্যানেলে ঠিক এই বিষয়টিই তুলে ধরেছেন। এখন পর্যন্ত এশিয়া কাপে পাকিস্তান ‘উল্টো যাত্রা’ করছে বলে মনে করেন রমিজ। আজ ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সাইম আইয়ুবের ব্যাটে বিস্ফোরক রান দেখতে চান তিনি।এবারের আসরে এখন পর্যন্ত ব্যাটিংয়ে প্রত্যাশিত ইনিংস খেলতে পারেনি পাকিস্তান। ওমানের সঙ্গে প্রথম ম্যাচে দুবাইয়ে ১৬০ রান তোলে ৭ উইকেট হারিয়ে। পরের ম্যাচে ভারতের সামনে ১২৭ রানের বেশি করতে পারেনি। আরব আমিরাতের সঙ্গে ১৪৬ রান করেছিল তারা। তিন ম্যাচের প্রতিটিতেই প্রথমে ব্যাট করে। আজকের ম্যাচে টস জিতলে পাকিস্তান অধিনায়ক সালমান আগা শুরুতে বোলিং নেবেন কিনা, নিশ্চিত নন। তবে এ মুহূর্তে তাঁর বোলিং বিভাগ ব্যাটিংয়ের চেয়ে ভালো করছে। যেখানে অফস্পিনার সাইমই তাদের সেরা পারফরমার।




