Google search engine

দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

পাকিস্তানের দেওয়া ১২৯ রানের লক্ষ্য ১১৩ বল হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার রুবায়া হায়দার ঝিলিকের অপরাজিত ফিফটিতে বাংলাদেশ মেয়েরা করে ৩ উইকেটে ১৩১ রান।

নাশরা সান্ধুকে চার মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোবহানা মোস্তারি (২৪*)। ঝিলিক অপরাজিত ছিলেন ৭৭ বলে ৫৪ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৮ চারে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আগেই হয়েছে ঝিলিকের। তবে ওয়ানডেতে অভিষেক হলো বৃহস্পতিবার, পাকিস্তানের বিপক্ষে।

সঙ্গে বিশ্বকাপেও নামলেন প্রথম ম্যাচ খেলতে। তবে তার ব্যাটিং দেখে কে বলবে, ওয়ানডেতে নতুন তিনি!

অভিষেকেই ওপেনিংয়ে নামা ঝিলিকের ব্যাটে দেখা গেল ঝিলিক। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল বাংলাদেশ। ২ রান করে ফিরে যান ওপেনার ফারজানা হক। ইনিংস বড় করতে পারেননি শারমিন আক্তারও (১০)।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন ঝিলিক। চতুর্থ উইকেটে মোস্তারির সঙ্গে করেন নিরবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি। তাতেই বড় জয় পেল বাংলাদেশ।

তার আগে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দেন পেসার মারুফা আক্তার ও বাংলাদেশের স্পিনাররা। ইনিংসের প্রথম ওভারে দুর্দান্ত দুই ইনসুইঙ্গারে ওপেনার ওমাইমা সোহেল ও সিদারা আমিনকে বোল্ড করেন মারুফা।

প্রথম ওভারের শেষ দুই বলে দুই উইকেট হারানোর ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। ওমাইমা ও সিদারা দুজনেই ফেরেন রানের খাতা খোলার আগেই।

পাকিস্তানের স্কোরবোর্ডে রান তখন ২ উইকেটে ২। এরপর অবশ্য জোড়া আঘাতের ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার মুনিবা আলী (১৭) ও রামিন শারমিন (২৩)।

দুজনে তৃতীয় উইকেটে ৬৩ বলে করেন ৪২ রানের জুটি। সেই জুটি ভাঙেন স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশের আঁটসাঁটো বোলিংয়ের সামনে পাকিস্তান ৬৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট।

এরপর মিডল অর্ডারদের ছোট ছোট জুটিতে দলীয় শতক পেরোয় পাকিস্তান। সাদিয়া ইকবালকে (৪) ফিরিয়ে পাকিস্তানিদের ইনিংসের ইতি টানেন স্বর্ণা আক্তার। তার আগে নাতালিয়া পারভেইজ (৯) ও নাশরাকেও (১) ফেরান এই লেগি। পাকিস্তানের শেষ তিন উইকেটই নিয়েছেন স্বর্ণা।

তার আগে ফাতিমা খাতুনের ঘূর্ণিতে এলবিডব্লুর ফাঁদে পড়ে দলীয় ১০০ রানে সপ্তম উইকেট হিসেবে ফেরেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা (২২)। উইকেটরক্ষক সিদরা নওয়াজকে (১৫) ফেরান আরেক স্পিনার রাবেয়া খান। আলিয়া রিয়াজকে (১৫) আউট করেন স্পিনার নিশিতা আক্তার নিশি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হলো রুবিয়া হায়দারের। আর ৫০তম ওয়ানডে খেলতে নামেন পাকিস্তানের ফাতিমা।

Google search engine