
মোঃ লিমন শাহরিয়ার:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ছোট পরিসরে। এবারের বিপিএলে অংশ নেবে মাত্র পাঁচটি দল। আগের আসরের চ্যাম্পিয়ন বরিশালকে ছাড়াই মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট।
পুরনো দলের মধ্যে থাকছে ঢাকা ও রংপুর। নতুনভাবে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান— টগি স্পোর্টস (রংপুর), ট্রায়াঙ্গাল সার্ভিস (চট্টগ্রাম), চ্যাম্পিয়ন স্পোর্টস (ঢাকা), নাবিল গ্রুপ (রাজশাহী) এবং ক্রিকেট উইথ সামি (সিলেট)।
বিপিএল আয়োজক কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু জানান, “আমরা পাঁচটি দল ফাইনাল করেছি। রংপুর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেট এই পাঁচটি দল নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে।”
এবারের বিপিএল শুরু হতে পারে আগামী ১৯ ডিসেম্বর এবং ফাইনাল হবে ১৬ জানুয়ারির মধ্যে। এক মাসব্যাপী এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে।
তবে দল কমে যাওয়ায় অনেক স্থানীয় ক্রিকেটার এবার দল না-ও পেতে পারেন। এ বিষয়ে বিপিএল কমিটির সদস্য নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আমাদের চেষ্টা থাকবে, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করা। কোনোভাবে দলে স্থানীয় খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো যায় কিনা তা আমরা বিবেচনা করছি।
গত আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক ও হোটেল বিল নিয়ে দলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তবে এবারের বিপিএলে এমন সমস্যায় না পড়তে দল মালিকদের কাছ থেকে আগেই বড় অঙ্কের মানি গ্যারান্টি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “সব টিমের ব্যাংক ও ফিন্যান্সিয়াল কাগজ আমরা যাচাই করেছি। অডিট কোম্পানি এবং ল অ্যান্ড ইনফরমেশন এজেন্সি এই প্রক্রিয়া দেখছে। এবার কোনো আর্থিক অনিয়মের সুযোগ থাকবে না।”
যদিও আয়োজকরা আগেও স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিপিএলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে দেখা গিয়েছিল নানা জটিলতা। এবার কম দল নিয়ে শুরু হতে যাওয়া বিপিএল কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও স্বচ্ছ হয়, সেটিই এখন দেখার বিষয়।




