Google search engine

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

প্রথমবার অংশ নিয়ে দলটি খুববেশি সুবিধা করতে না পারলেও আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিব খানের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল।

প্রথমবার বিপিএলে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিমকে আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এই ‘কিং খান’ তার কথা রাখছেন।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা’র অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কি না তা নিয়ে সংশয় ছিল!

তবে সব ধোঁয়াশা কাটিয়ে গতকাল জানা গেল, ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন যে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল।

Google search engine