
মোঃ লিমন শাহরিয়ার:
আবুধাবির মাটিতে ফের জমজমাট হতে যাচ্ছে টি-টেন লিগের নবম আসর। ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই সংক্ষিপ্ত ফরম্যাটের উৎসবের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তে দলে নিচ্ছে তারকা ক্রিকেটারদের। এবার সেই দলে নতুন চমক দিল দিল্লি বুলস। তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ইফতিখার আহমেদ এবং তরুণ পেসার উবায়েদ শাহকে।
মাত্র ১৯ বছর বয়সেই উবায়েদ শাহ পাকিস্তানের ক্রিকেটে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন। পিএসএলে মুলতান সুলতানসের হয়ে ১১ ম্যাচে ১২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন এই তরুণ পেসার। এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখাতে যাচ্ছেন তিনি। দিল্লির বোলিং ইউনিটে নতুন উদ্যম যোগ করবেন বলেই বিশ্বাস ফ্র্যাঞ্চাইজিটির।
অন্যদিকে, অভিজ্ঞতা ও স্থিতিশীলতার প্রতীক ইফতিখার আহমেদ। ৩৫ বছর বয়সী এই ব্যাটার খেলেছেন জাতীয় দলের হয়ে ৬৬টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। পাশাপাশি বিপিএল, সিপিএল ও এলপিএলে খেলার অভিজ্ঞতা তাঁকে টি-টেনের আদর্শ খেলোয়াড়ে পরিণত করেছে। ব্যাট হাতে শেষের দিকে ঝড় তোলার ক্ষমতায় তিনি সবসময়ই আলোচনায় থাকেন।
এর আগে দিল্লি বুলস তাদের স্কোয়াডে আরও দুই পাকিস্তানি সালমান ইর্শাদ ও মীর হামজা কে অন্তর্ভুক্ত করেছিল। অন্য দলগুলোও পিছিয়ে নেই। ডেকান গ্ল্যাডিয়েটর্স দলে নিয়েছে আলি রেজা ও রহস্যময় স্পিনার উসমান তারিককে, যিনি সদ্য সিপিএলে ২০ উইকেট নিয়ে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।
এছাড়া পাকিস্তানের আরও কয়েকজন তারকা জামান খান, আসিফ আলি ও আকিফ জাভেদ! আগামী আসরে আজমান টাইটান্সের হয়ে খেলবেন।
সব মিলিয়ে এবারের টি-টেন লিগ যেন রঙিন হয়ে উঠছে পাকিস্তানি তারকাদের উপস্থিতিতে। এখন দেখার বিষয়, দিল্লি বুলসের হয়ে ইফতিখার ও উবায়েদ কতটা আলো ছড়াতে পারেন আবুধাবির মরুভূমির এই রঙিন ক্রিকেট উৎসবে।




