Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

বিপিএলের দ্বাদশ আসর নিয়ে এবার চূড়ান্ত আলোচনায় বড় পরিবর্তনের গন্ধ। এবার হয়তো দেখা যাবে প্রতি দলে মাত্র তিন বিদেশি খেলোয়াড়ের নিয়ম।

কারণ? একই সময়ে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টি ও এসএ টি-টোয়েন্টি দুটি বড় লিগ। তাই ভালো মানের বিদেশি খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম ইঙ্গিত দিয়েছেন,
আমাদের চেষ্টা থাকবে খেলোয়াড়দের স্বার্থ যেন রক্ষিত হয়। দেশি ক্রিকেটারদের সুযোগ বাড়াতে আমরা বিদেশির সংখ্যা কমানোর চিন্তা করছি।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে মাত্র পাঁচ দল রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।
যেহেতু দল কম, দেশি ক্রিকেটারদের খেলার সুযোগও কমে যাবে। তাই এই নতুন নিয়ম নিয়ে ভাবছে বোর্ড।

তবে বিদেশি খেলোয়াড়দের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকবে খোলা সুযোগ। চাইলে তারা দুই-এক ম্যাচের জন্য বড় তারকাদের নিয়ে আসতে পারবে এমনটাই জানালেন গভর্নিং কাউন্সিলের আরেক সদস্য ইফতেখার রহমান মিঠু।
তার ভাষায়,
দুই ম্যাচের জন্য একজন বড় খেলোয়াড় এলেও সেটা বিপিএলের জন্য বিশাল প্রাপ্তি।

এদিকে সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল। তিন বিদেশি না চার, শেষ সিদ্ধান্ত যা-ই হোক, মাঠে নামার আগে থেকেই উত্তেজনায় টগবগ করছে ক্রিকেটপ্রেমীরা।

Google search engine