Google search engine

ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন সান্তোসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বৃহস্পতিবার ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। শুক্রবার তার টেস্ট করানো হয়। রিপোর্টে ইনজুরির তথ্য এসেছে। সান্তোস শনিবার এক টুইট বার্তায় তার ইনজুরির খবর দিয়েছে।

ঊরুর মাংসপেশির ইনজুরি থেকে সেরে উঠে মাঠে ফিরতে নেইমারের দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। যদিও সান্তোসের মেডিকেল টিম কবে নাগাদ সাবেক এই বার্সা ও পিএসজি তারকা মাঠে ফিরতে পারবেন  সেই ধারণা দেয়নি।

চলতি বছরের শুরুর দিকে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব ও নিজের প্রথম পেশাদার ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। এরপর এ নিয়ে তৃতীয়বার ইনজুরিতে পড়লেন তিনি।

নেইমারের এবারের ইনজুরি সান্তোসের জন্যও বড় দুঃসংবাদ। কারণ অবনমরের ঝুঁকিতে আছে ব্রাজিলের ঐতিহাসিক ক্লাবটি। এবারের ইনজুরিতে পড়ার আগে নেইমার শেষ দশ ম্যাচের নয়টিতে শুরুর একাদশে ছিলেন।

ব্রাজিলের এই তারকা ইনজুরি প্রবণ হলেও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ বিবেচনায় রেখেছেন। কিন্তু কার্লোর দলে এখনো ডাক পাননি নেইমার। ইতালিয়ান বস পরিষ্কার করেই বলে দিয়েছেন, নেইমার কেমন খেলছেন দেখতে যাবেন না, কেবল তাকে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পূর্ণ ফিট হতে হবে।

Google search engine