Google search engine

শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে যথেষ্টই। শনিবার (১৯ জুন) হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ঘুরে দাঁড়ানোই দেখতে চান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সে লক্ষ্যে দলে কিছু পরিবর্তনও আসবে বলে জানিয়েছেন এই কোচ। ডেইলী স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়াতে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি ব্যাখ্যা করেছেন কেন মরক্কোর বিপক্ষে তার দল চেনা ছন্দে ছিল না।

ব্রাজিলিয়ান জার্সির প্রবল চাপের কথা উল্লেখ করে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।’

তিনি বলেন, ‘আমরা কিছু পরিবর্তন করবো। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।’

ঘুড়ে দাঁড়ানোর এই ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, ইবানেজ ও ইগর থিয়াগোর পরিবর্তে আজ শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলো ও মাথিউস কুনহাকে। তবে চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র হাইতির বিপক্ষে এই ম্যাচে থাকছেন না। যদিও তিনি ফিরেছেন বুট পায়ের অনুশীনে।

দলের নির্দিষ্ট কোনো কৌশল বা ট্যাকটিক্যাল আইডেন্টিটি নেই-সমর্থকদের এমন উদ্বেগের জবাবে আনচেলত্তি বলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।

Google search engine