
আসন্ন বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। যদিও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে এই ম্যাচটি নিয়মরক্ষার, তবুও মর্যাদার লড়াই বলেই ঢাকার গ্যালারি জমে উঠছে আগেই।
১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। টিকিট বিক্রি শুরু হয় আজ (সোমবার) দুপুর ২টায় অনলাইন প্ল্যাটফর্ম Quicket–এর মাধ্যমে। কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ!
বাফুফের প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন,
ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন যারা কিনেছেন, তাদের অধিকাংশই পেমেন্ট সম্পন্ন করেছেন। এখন কেবল রেড বক্স ও হসপিটালিটি বক্সের টিকিট অবশিষ্ট আছে।
টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিট পরেই Quicket ওয়েবসাইটে SOLD OUT লেখা ভেসে ওঠে। এতে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে টিকিট বিক্রিতে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ তুলেছেন।
বাফুফে জানায়, এবার মোট ছয় ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে।
সাধারণ গ্যালারি: ৫০০ টাকা
ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩: ৩,০০০ টাকা
ভিআইপি বক্স ২: ৪,০০০ টাকা
ক্লাব হাউস ১: ৫,০০০ টাকা
রেড বক্স: ৬,০০০ টাকা
তবে করপোরেট বক্স ও স্কাই বক্সের দাম এখনো ঘোষণা করা হয়নি। এসব টিকিট নিতে হলে সরাসরি বাফুফের ইমেইল—info@bff.com.bd–এ যোগাযোগ করতে হবে।
মর্যাদার এই ম্যাচ ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস যেন প্রমাণ করে ফুটবলে ভারত-বাংলাদেশ দ্বৈরথ এখনো হৃদয়ের লড়াই।




